দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের উপর দিয়ে উড়ে গেছে কয়েকটি মার্কিন বোমারু বিমান। মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানের বিমান বাহিনীর সঙ্গে এক যৌথ মহড়ার অংশ হিসেবেই তারা দক্ষিন চীন সাগর প্রদক্ষিণ করে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া অঞ্চলের গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি থেকে বৃহস্পতিবার বোমারু বিমানগুলি উড়ানো হয়। দক্ষিণ চীন সাগরের যেসব এলাকাকে চীন নিজেদের জলসীমা বলে দাবি করে, সেই সব এলাকার উপরেই চক্কর কেটেছে মার্কিন বোমারু বিমানগুলি।
দক্ষিণ চীন সাগর হয়ে বিভিন্ন দেশের জাহাজ সারাবছর বিপুল পরিমাণ পণ্য নিয়ে যাতায়াত করে। ওই অঞ্চলকে চীন নিজেদের জলসীমা বলে দাবি করে আসছে। কিন্তু আমেরিকা মনে করে, দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক জলভাগ এবং সেখানে স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ সব দেশেরই রয়েছে।
চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে সম্প্রতি মার্কিন রণতরী ইউএসএস স্টেথাম চীনের দখলে থাকা ট্রিটন দ্বীপের গা ঘেঁষে টহল দিয়ে এসেছে। বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আকাশে বোমারু বিমান উড়িয়ে আমেরিকা ফের চীনকে বুঝিয়ে দিল, ওই জলভাগে বেইজিং এর সার্বভৌম অধিকারকে কিছুতেই স্বীকৃতি দেওয়া হবে না। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএনজে





