বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়ার সাথে অনুষ্ঠিত প্রথম শান্তি আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেনিশ কিরিভকে হত্যা করা হয়েছেন। গতকাল শনিবার (৫ মার্চ) ইউক্রেনের একাধিক গণমাধ্যম তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি বৈঠকে অংশ নিয়েছিলেন কিরিভ। বৈঠকে ইউক্রেনের অন্যান্য কর্মকর্তাদের সাথে আলোচনার টেবিলে ছিলেন তিনি। কিন্তু গণমাধ্যমে প্রকাশিত ইউক্রেনের প্রতিনিধি দলের তালিকায় তার নাম ছিল না।

কিরিভের মৃত্যুর তথ্য প্রকাশ করে দেশটির সংসদ সদস্য আলেকজান্ডার ডুবিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, গ্রেপ্তারের চেষ্টার সময় ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউয়ের এজেন্টরা তাকে হত্যা করেছে।

এদিকে পরবর্তীতে ইউক্রেনের দুই গণমাধ্যম ইউক্রেনিয়া ডট ইউএ এবং অবজরেভাটেল অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে কিরিভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আংশিক অস্পষ্ট একটি ছবি প্রকাশ করে সেটি তার মরদেহ বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৯ হাজার ১৬৬ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে। সূত্র: আরটি।

এবিএস