logo
Search

আন্তর্জাতিক

বাব-এল-মান্দেবে নৌ চলাচল নিয়ে হুথির নতুন ঘোষণা

ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে হুথি। দখলের পর লোহিত সাগর ও কৌশলগত বাব-এল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’ রয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদকে বলেন, ইয়েমেনের লোহিত সাগর উপকূলে তাদের সাম্প্রতিক অগ্রগতির কারণে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

তিনি বলেন, লোহিত সাগর ও বাব-এল-মান্দেবে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বাধীনতা নিরাপদ ও সুশৃঙ্খল রয়েছে।

এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন, গত ৩ সেপ্টেম্বর অভিযানটি শুরু হয়। তায়েজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে সরিয়ে দেওয়া এবং ইয়েমেনের ওপর দীর্ঘদিনের অবরোধ ও হামলার অবসান ঘটানোই অভিযানের লক্ষ্য ছিল।

ইয়াহিয়া সারির দাবি, অভিযানে মোট ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকার ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সাতটি সামরিক ব্রিগেডে হামলা চালিয়ে কয়েকশ সেনাকে নিহত, আহত ও আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হুথিদের সামরিক বিবৃতিতে আরও দাবি করা হয়, সৌদি-সমর্থিত বাহিনীর হাতে আটক ইয়েমেনি বন্দিদের মুক্ত করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নয়টি বিমান ভূপাতিতসহ ৩২টি অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সমুদ্রপথে চলাচলের বিষয়ে হুথিদের সামরিক মুখপাত্র বলেন, সৌদি জাহাজ ছাড়া অন্য সব কোম্পানির জন্য নৌ চলাচল নিরাপদ থাকবে। সৌদি জাহাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়।

হুথিরা আরো বলেছে, ইয়েমেনের ওপর হামলা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত রাখবে।

এস