আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওরাকজাই জেলার আফগান সীমান্তবর্তী এলাকায় আগে থেকেই ওঁত পেতে ছিল টিটিপি সন্ত্রাসীরা। পাকিস্তানি সেনাদের একটি গাড়িবহর সেখানে পৌঁছালে তারা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।

গুলিবর্ষণের কিছুক্ষণ পরই সড়কে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এতে সেনা কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অন্য গাড়িগুলোও হামলার শিকার হয়।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, নিহত সেনারা টিটিপিবির বিরুদ্ধে চালানো একটি অভিযান শেষে ফেরার পথে ছিলেন। সেই অভিযানে টিটিপির ১৯ সদস্য নিহত হয়েছিল। ওই ঘটনার প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক শোকবার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনীর এই ত্যাগ জাতি কখনও ভুলবে না। তিনি নিরাপত্তা সদস্যদের সাহসিকতারও প্রশংসা করেন।

এনএইচ