মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু ঝুলন্ত সেতু উদ্বোধন করল ইরান। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশে এ সেতু নির্মাণ করা হয়েছে।

সেতুটির ওপর থেকে যেমন উপভোগ করা যাবে নীচের সবুজ চারণভূমির সৌন্দর্য তেমনি উপভোগ করা যাবে উঁচু পাহাড়ের সৌন্দর্য। সেতুর কাছেই রয়েছে গরম পানির ঝর্ণধারা।

আরদাবিলের মেসকিনশাহর এলাকা দিয়ে প্রবাহিত খিয়াব চাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত এ সেতুটি। এর দৈর্ঘ হচ্ছে ৩৪৫ মিটার আর ভূমি থেকে এর উচ্চতা হলো ৮০ মিটার।

ইরানের আরদাবিল প্রদেশ প্রাকৃতিক মধুর জন্য বিখ্যাত। দীর্ঘ ও উঁচু এ ঝুলন্ত সেতুটি নির্মাণের পর ওই এলাকা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আরদাবিলে যে গরম পানির ঝর্ণধারা রয়েছে তার আকর্ষণে প্রতি বছর লাখ লাখ পর্যটক সফর করেন এলাকাটি।

ইরান সম্প্রতি পর্যটন খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং জাতীয় আয়ের ক্ষেত্রে এ খাতের অবদান বাড়ানোর চেষ্টা করছে।

ইআর