ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাচ দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২০ জনে। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছেন ভূমিধসে। শনিবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টির ধারা আজ শনিবারও অব্যাহত থাকতে পারে। আগামীকাল রবিবার থেকে বৃষ্টির মাত্রা কমতে শুরু হতে পারে।
ভূমিধসে নিহতরা হলেন কাশ্মীরের রাজৌরি জেলার থানামান্ডি এলাকার। শুক্রবার ওই প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস হলে একইসঙ্গে ১৪ জন কাদার নিচে চাপা পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, কাদার নিচে আরও অনেকে আটকার পড়ে আছেন।
এদিকে, উদ্ধারকর্মীরা এ পর্যন্ত দুই হাজারের বেশি বন্যা আক্রান্তকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজৌরি জেলায় বর-কনেসহ বিয়ের যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেলে বন্যার পানিতে ভেসে যায়। ধারণা করা হচ্ছে এতে বাসের ৫০ যাত্রী নিহত হয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ০৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





