মালয়, চীন, ভারতীয়সহ নানা জনগোষ্ঠীর সমন্বয়েই মালয়েশিয়া। সব ধর্ম ও বর্ণের মানুষ এক হয়ে মালয়েশিয়াকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে পালন করছে সাতু মালয়েশিয়া।
১৬ সেপ্টেম্বর ঘটা করে সাতু মালয়েশিয়া ডে পালন করা হচ্ছে। সাতু মালয়েশিয়ার অর্থ হচ্ছে এক মালয়েশিয়া। তবে এবারের সাতু মালয়েশিয়া একটু ভিন্নভাবে পালিত হচ্ছে কুয়ালালামপুরে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক সমর্থক গোষ্ঠী মালায়ু লিখা সম্বলিত লাল টি শার্ট পরে দাপিয়ে বেড়াচ্ছে পুরো কুয়ালালামপুর। নানা বাঁশির সুর তুলে খণ্ড খণ্ড ৠালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে লাল টি শার্ট ধারীরা।
তাই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কুয়ালালামপুরে। বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রেড টি শার্ট র্যালি নিয়ে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যেই পুলিশের ব্যাপক উপস্থিতি।
এর আগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হলুদ টি শার্ট পরে বিক্ষোভ হয়েছিল। প্রধানমন্ত্রী ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট (ওয়ান এমডিবি) নামে একটি রাষ্ট্রীয় তহবিল থেকে ৭০ কোটি মার্কিন ডলার আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের পাল্টা জবাব ও নাজিবেরও মালয়েশিয়াতে যে কম সমর্থক নেই তা প্রমাণের জন্য লাল টি শার্ট পরে ব্যাপক শো ডাউন হচ্ছে।
মালয়েশিয়া ডে (হারি মালয়েশিয়া)। এ দিন সারা মালয়েশিয়ায় সরকারি ছুটি। গত কয়েক বছর ধরে চালু হওয়া এ দিবসটি এবারও জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে আনন্দের সাথে পালন হচ্ছে মালয়েশিয়ায়।
তবে এবার এই জাতীয় দিবস ‘হারি মালয়েশিয়া’র দিনে আগে থেকে র্যালি করার ঘোষণা দিয়েছিলো মালায়ুদের ২৫০টি এনজিও-এর একটি জোট।
কুয়ালালামপুরের চায়নাটাউন, বুকিত বিনতাং ও মারদেকা স্কয়ারে ‘রেড টি-শার্ট র্যালি হচ্ছে।
র্যালির প্রধান সংগঠক জামাল মোহাম্মদ ইউসুফ এর বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বলছে, এই র্যালিতে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী সবাই মালায়ু। তবে পরে র্যালিতে আগ্রহী চাইনিজ ও তামিলদের অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে।
র্যালিতে অংশগ্রহণকারী মালায়ূদের গায়ে লাল টি-শার্ট। এটিকে বলা হচ্ছে ‘রেড টি-শার্ট র্যালি।’ লাল টি শার্ট ও বাঁশি বাজিয়ে সাতু মালয়েশিয়া ডে পালন করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ১৬ সেপ্টেম্বর বুধবার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের লাল টি-শার্ট বা লাল জামা গায়ে দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সচেতন ব্যক্তিরা।
বিশেষ করে কুয়ালালামপুরের বুকিত বিনতাং ও চায়নাটাউন এলাকায় বাংলাদেশিরা ওই দিন অযথা যাতে ঘোরাঘুরি না করে সে পরামর্শ দেওয়া হয়েছে।
সকাল ৯টায় শুরু হওয়া লাল টি শার্ট র্যালি দিনভর চলবে।
জেআই





