logo
Search

আন্তর্জাতিক

‘হরমুজ এখন ট্রাম্প প্রণালি’: ট্রাম্প

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মিডটার্ম কনভেনশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহজ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তার দাবি, যুদ্ধে জয়ী হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে।

সমাবেশে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এ সময় তিনি বলেন, এখন থেকে এই জলপথকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা উচিত।

ট্রাম্প আরও বলেন, এটি ‘ট্রাম্প প্রণালি’ হিসেবেই পরিচিত হবে। ইরানের নেতৃত্ব এই নাম শুনে খুব একটা খুশি হবে না বলেও রসিকতা করেন তিনি।

বক্তব্যে ইরানের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশটি ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে। তার ভাষ্য, গত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাবশালী শক্তি হিসেবে অবস্থান করলেও এখন আর আগের অবস্থানে নেই।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় সামান্য কিছু তৎপরতার খবর পাওয়া গেছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি নজরদারিতে রেখেছে।

ট্রাম্প দাবি করেন, ওই এলাকায় কী ঘটছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। তাই ইরানকে কোনো ধরনের ‘চালাকি’ বা বাড়াবাড়ি না করার পরামর্শ দেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না। ইরান এমন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে এর পরও জলপথটি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এস