ভারতের গারো ও পশ্চিম কানি পাহাড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৫ জন নিখোঁজ রয়েছে।

প্রলয়ংকরী ঝড়ে গারো পাহাড়ের পাঁচটি জেলায় প্রায় তিন লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ও সরকারিভাবে বিশেষ করে আধা-সামরিক বাহিনীর পক্ষ থেকে দুর্গতদের সহায়তা দেয়া হচ্ছে।

মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ মোতায়েন করা হয়েছে। তারা আকস্মিক বন্যা কবলিত চারশত লোককে উদ্ধার করেছে।

মেঘালয় ফ্রন্টিয়ার বিএসএফ মেঘালয় রাজ্য সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখছে এবং গারো পাহাড়ে বন্যাকবলিত মানুষদের সহায়তা দিতে বিএসএফ বাহিনীকে দিক-নির্দেশনা দিচ্ছে।

সরকারি কর্মকর্তারা জানান, পশ্চিম ও উত্তর গারো পাহাড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আজকের মধ্যে এনডিআরএফ টিম পৌঁছবে এবং উদ্ধার তৎপরতা শুরু করবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ