ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং সেটি পুড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, বাসটি হায়দরাবাদ থেকে রাত ১২টার দিকে ছেড়ে যায় এবং ভোর সাড়ে ৩টার দিকে কুরনুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যাওয়ার পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে জানান, “ভোর ৩টার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়, সম্ভবত সেখান থেকেই আগুন ধরে যায়। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুনের সঠিক কারণ অনুসন্ধান করছে।”

তিনি আরও জানান, যেহেতু বাসটি এসি ছিল, অনেক যাত্রী জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। যারা কাচ ভাঙতে সক্ষম হয়েছিলেন, তারা প্রাণে বেঁচে গেছেন।

এ ঘটনায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি হাসপাতালে ১১ জন ও বেসরকারি হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন আছেন। নিখোঁজ যাত্রীদের সন্ধান ও নিহতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এনএইচ