সিরিয়ার সরকারি অবস্থানের ওপর নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এবার হামলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় থাকবে ফ্রান্স। সিরিয়ায় বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্কিত কূটনৈতিক সূত্র 'মিডল ইস্ট আই বা এমইই' এর কাছে এমন তথ্য প্রকাশ করেছে।

সূত্রগুলো বলেছে, সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে এ হামলার পরিকল্পনা করা হয়েছে। সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দামেস্ক সরকারকেই দায়ী করছে হোয়াইট হাউস। সূত্রগুলো আরো জানায়, মার্কিন প্রচারণার ধারা পরিবর্তন ঘটেছে। ইদলিবের বিমানঘাঁটিতে গত এপ্রিলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার আগে যে ধরনের প্রচারণা চালানো হয়েছে সে ধরনের প্রচারণা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করছে।

গত বুধবার রাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বাহিনী দামেস্কপন্থী বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালানোর পর থেকে এ পদক্ষেপ নেয়ার কথা ভাবা হয়। সিরিয়ার দেয়ার আজ জোরে এ হামলা চালানো হয়েছিল। হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর শতাধিক নিহত হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন এক সেনা কর্মকর্তা।

মার্কিন জোটের এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে সিরীয় সরকার। দামেস্ক সরকার আরো বলেছে, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের অজুহাতে সিরীয় ভূখণ্ডে মার্কিন অবৈধ ঘাঁটি স্থাপনই এ জাতীয় হামলার লক্ষ্য।

এসএম