ভারতের কেরালা রাজ্য সরকার সেখানে মদ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। মদের অপব্যবহার মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল।

রাজ্যে এইমুহুর্তে মদ মারাত্মক সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তিনি বলেন, রাজ্য সরকার আগামী ১০ বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করতে চায়।

মদ বিক্রির নতুন কোনো লাইসেন্স এই রাজ্যে দেয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। প্রাথমিকভাবে রাজ্যটিতে ৭শ' পানশালা ও অন্যান দোকানগুলোতে মদ বিক্রি বন্ধ করা হবে। আগামী বছর কেবলমাত্র ৫ তারকা হোটেলগুলোর বারে মদ বিক্রির অনুমতি দেয়া হবে বলে জানান হয়।

ভারতে সবচেয়ে বেশি মদ্পান করা হয় কেরালায়। সেখানে প্রতিবছর গড়ে এক ব্যক্তি ৮ দশমিক ৫ লিটার মদ্পান করেন।

মদ্পানের ফলে বিয়ে বিচ্ছেদ ও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মতো বিষয়গুলো বেড়ে যাওয়ার ঘটনা চিকিৎসক ও আন্দোলনকর্মীরা রাজ্য সরকারের নজরে আনেন। হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে মদ্পানের ঘটনায় আক্রান্তদের আনাগোনা বেড়ে যাচ্ছে বলেও জানিয়েছে তারা। এসবের প্রেক্ষাপটেই রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশ-বিদেশের পর্যটকদের এখানে আসার ব্যাপারে অনাগ্রহ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই