ভাগ্যে থাকলে ঠেকায় কে! সাগরের অথৈ পানিতে কোনকিছু হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া যে কত মুশকিল তা টের পাচ্ছেন মালয়েশিয়ার সরকার। বিশালদেহী এক বিমান ২৩৯ জন যাত্রী নিয়ে এক মাস ধরে নিখোঁজ। আজ ৮ এপ্রিল এক মাস পূর্ণ হলো বিমান হারানোর।
কিন্তু বিমান না পাওয়া গেলে কী হবে, নিউজিল্যান্ডের এক দম্পতি ছয় বছর আগে সাগরে হারিয়ে যাওয়া বিয়ের এনগেজমেন্ট রিং খুঁজে পেয়েছেন। সত্যিই অবাক করার মতো বিষয়। কিন্তু এটিই ঘটেছে নিউজিল্যান্ডের উপকূলে। মঙ্গলবার নিউজিল্যান্ড হেরাল্ডের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
জানা গেছে, ভিভিয়েন্নে ও জেফ নিন্নেস দম্পতি ১৫ বছর আগে একটি হীরার রিং বানিয়েছিলেন। রিংটি ছিল বিয়ের এনগেজমেন্টের। কিন্তু ছয় বছর আগে বিচে গোসল করার সময় রিংটি হারিয়ে ফেলেন তারা। তবে, রিং হারানোর ব্যাপারটি তাৎক্ষণিক বুঝতে পারেননি ভিভিয়েন্নে। বাড়িতে যাওয়ার বুঝতে পারেন রিং হারিয়েছে। এরপর এর আশা ছেড়েই দিয়েছিলেন তারা। আর সাগরে রিং হারিয়ে কেইবা আশা করতে পারে তা ফিরে পাওয়ার!
কিন্তু সোমবার বিচে গিয়েছিলেন ৮৩ বছরের বৃদ্ধ বার্নার্ড প্যাটারসন। তিনি বিচে তার মেটাল ডিটেক্টরটি পরীক্ষা করে দেখছিলেন ঠিকঠাক আছে কি না। আর তা করতে গিয়েই তিনি এই রিংয়ের দেখা পান। রিংটি তার মেটাল ডিটেক্টরে ধরা পড়ে। বৃদ্ধ প্যাটারসন রিংটি নিয়ে থানায় জমা দেন। এরপর পুলিশ ঘোষণা করে যে, যারা রিংটি চিহ্নিত করতে পারবে এবং জুয়েলারির দোকানে গিয়ে প্রমাণ দিতে পারবে যে, এই দোকানেই তারা এটি বানিয়েছিল তাহলে তা ফেরত দেয়া হবে। এই খবর পেয়ে ভিভিয়েন্নে-জেফ দম্পতি রিং নিয়ে ছুটে যান জুয়েলারির দোকানে। জুয়েলারির কর্মচারীও তা চিহ্নিত করতে সক্ষম হন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ০৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]