চলমান তিনদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার তিন ঘন্টা আগে গাজা থেকে তাদের ভূখণ্ডে দুটি রকেট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

শুক্রবার বিবিসি জানিয়েছে, রকেট নিক্ষেপে করে যুদ্ধবিরতি লঙ্ঘণের জন্য “সন্ত্রাসীদের” দায়ী করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার থেকে শুরু হওয়া ৭২ ঘন্টা বা তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার মিশরের কর্মকর্তারা এই যুদ্ধবিরতির মেয়াদ আরও দীর্ঘায়িত করতে দুপক্ষকে রাজী করানোর চেষ্টা করে যাচ্ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তারা এ বিষয়ে তাদের সম্মতি জানালেও দাবী মানা না পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজী হয়নি হামাসের প্রতিনিধিরা।

এর আগে দীর্ঘমেয়াদি দাবীগুলো মেনে না নেয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাব প্রত্যাখান করতে কায়রোতে থাকা ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের আহবান জানিয়েছিলেন হামাসের সামরিক শাখা কাসাম বিগ্রেডের এক মুখপাত্র।

এসব দাবী আদায়ের জন্য তাদের সংগঠন “দীর্ঘ লড়াই” চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বলে দাবী করেছিলেন ওই মুখপাত্র।

এর আগে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, শুক্রবার সকালে মেয়াদ শেষ হওয়ার পরও যুদ্ধবিরতির সময় বাড়াতে চান তারা।

কিন্তু গাজা নিয়ন্ত্রণকারী হামাস বলেছে, এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি এবং দুপক্ষের অবস্থানের মধ্যে বড় রকমের ফাঁক রয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে চার সপ্তাহ ধরে চলা লড়াইয়ে ১ হাজার ৯শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই