মার্কিন প্রেসিডেন্টের আবাসিক কার্যালয় হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে আর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

আমেরিকার রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রিত কংগ্রেস এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য ওঠেপড়ে লেগেছে, ঠিক তখনি হোয়াইট হাউজের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা দেয়া হলো।

যুদ্ধবাজ সিনেটর রবার্ট মেনেন্দেজ ও মার্ক কির্ক ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল কংগ্রেসে উত্থাপন করতে যাচ্ছেন এবং বিল পাসের লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট গতকাল (শুক্রবার) বলেছেন, “কংগ্রেসে ইরান বিরোধী বিল পাসের বিষয়ে আমাদের উদ্বেগের কারণ আমরা পুরোপুরি ব্যাখ্যা করেছি।”

তিনি বলেন, “আন্তর্জাতিক সমাজ এ ধরনের বিল পাসকে সমঝোতা চুক্তি লঙ্ঘন হিসেবে গণ্য করতে পারে। কারণ শক্তিধর দেশগুলো এ সমঝোতায় পৌঁছেছে যে, আলোচনা চলাকালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।”

তিনি বলেন, ইরান বিরোধী বিল পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা অর্জনের চেষ্টাকে বাধাগ্রস্ত করবে।

ইরান ইস্যুতে ওবামা কংগ্রেসের সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রত্যাশা করে বলে ওই মুখপাত্র ঘোষণা করেছেন। সম্প্রতি বারাক ওবামাও বলেছেন, ইরান ইস্যুতে তাদের কূটনীতি কাজে আসছে। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে তিনি ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো প্রদানেরও হুমকি দিয়েছেন। তেহরান রেডিও

ইআর