মঙ্গলবার হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে বেসেন্ট জানান, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে এরই মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, ইরানকে লক্ষ্য করে এরই মধ্যে তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওয়াশিংটন সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের আগে বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠক হওয়ার কথা।

একটি সূত্র জানিয়েছে, দুই দেশের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও আলোচনা হতে পারে। তবে বৈঠকে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি বেসেন্ট।

এর আগে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ বা নির্ণায়ক অর্থনৈতিক আঘাত হানার কথা বলেছিলেন মার্কিন অর্থমন্ত্রী। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীন। দেশটির উৎপাদিত তেলের বড় একটি অংশ চীন কিনে থাকে। অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও ইরানের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে বেইজিংয়ের ভূমিকা রয়েছে।

সূত্র: রয়টার্স

এস