রাজনৈতিক উপায়ে সিরিয়া সমস্যা সমাধানে সৌদি আরব বাধা সৃষ্টি করছে বলে ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিসতুরা।
গত ১৮ জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে গোপনে তিনি এ বিষয়ে ব্রিফিং দেন।
ব্রিফিংয়ে মিসতুরা বলেছেন, সিরিয়া সমস্যা সমাধানের প্রচেষ্টাকে সৌদি আরব জটিল করে তুলছে। এর অংশ হিসেবে সিরিয়ার বিরোধী গ্রুপগুলোকে সৌদি আরব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
ফরেনপলিসি ম্যাগাজিনে বৃহস্পতিবার এ খবর বের হয়েছে।
জাতিসংঘের এ দূত বলেন, তিনি সিরিয়া বিষয়ক আলোচনায় অংশ নেয়ার জন্য ব্যক্তিভাবে সৌদি সমর্থিত বিরোধী গ্রুপ ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতি যে আহ্বান জানিয়েছিলেন তারা তা প্রত্যাখ্যান করেছেন।
মিসতুরা জানান, ‘হাই নেগোসিয়েশন কমিটি’ বা এইচএনসি আলোচনায় তাদের একচেটিয়া প্রাধান্য দাবি করছে।
তিনি সৌদি আরবের নাম উল্লেখ করেন নি। তবে সৌদি আরব হচ্ছে এইচএনসি’র প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের সদরদপ্তর রিয়াদে অবস্থিত।
এছাড়া, এ গোষ্ঠীর প্রতি জোরালো সমর্থন রয়েছে ফ্রান্স, তুরস্ক ও কাতারের। আগামী ২৫ জানুয়ারি সিরিয়া সংকট নিয়ে নতুন আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে।
এসএইচ





