যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গ্রিনকার্ড পাওয়া এক মেক্সিকান অভিবাসী নারীকে অবৈধভাবে ভোট দেওয়ার অপরাধে ৮ বছরের সাজা দিয়েছে আদালত। রোসা মারিয়া ওর্তেগা (৩৭) নামের ওই নারী ২০১২ ও ২০১৪ সালে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনে অবৈধভাবে ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ প্রমাণ হলে টারান্টা কাউন্টি জুরি তাকে এ সাজা দেয়। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে রোববার বলা হয়েছে, মেক্সিকান অভিবাসী নারী মারিয়া ২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির পক্ষে অবৈধভাবে ভোট দিয়েছেন। ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতেও রিপাবলিকান প্রার্থীকে তিনি অবৈধভাবে ভোট দিয়েছেন।

টেক্সাসের অ্যাটর্নি জেনারেল ক্যান প্যাক্সটন টেক্সাসে অবৈধ ভোট প্রদানকারীদের ধরতে আবেদন করেন। অবৈধ ভোটের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে এ সাজা দেওয়া হয়। অপরাধীকে শাস্তি দেওয়ায় আদালতের রায়ের প্রশংসা করেন ক্যান। ক্যান বলেন, টেক্সাস নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কতটা সতর্কতা অবলম্বন করে এটাই তার প্রমাণ। গণতন্ত্র সংরক্ষণের জন্য নির্বাচনের অখণ্ডতা সুরক্ষা করা জরুরী।

যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল, প্রেসিডেন্ট ট্রাম্পও নভেম্বরের পপুলার ভোটে অনেক ভূয়া ভোটার ছিল বলে অভিযোগ করেছিলেন। এদিকে রোসা মারিয়ার আইনজীবী ক্লার্ক ব্রিডসাল ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি ভুলবশত ভোট প্রদান করেছেন। গ্রীন কার্ডের অধিকারী মারিয়া যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক নয় এটি তার জানা ছিল না। বিশেষ কোন উদ্দ্যেশে তিনি ভোট দেননি।

জেড