ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সুনির্দিষ্ট চুক্তি করতে আলোচনা আগামী ১২ মে ভিয়েনায় শুরু হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তেহরান মঙ্গলবার এ খবর জানিয়েছে।
ইইউ কূটনীতিক সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইইউ আলোচক হেলগা স্কিমিদ এবং ইরানি আলোচক আব্বাস আরাগচি ও মাজিদ তাখত রাভিনচি ভিয়েনায় আগামী ১২ মে তাদের আলোচনা শুরু করবেন।
ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় জড়িত অন্যান্য ক্ষমতাধর দেশের রাজনৈতিক নেতা ১৫ মে’র বৈঠকে যোগ দেবেন।
ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগজি তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তৃতাকালে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা পুনরায় আলোচনায় বসবো এবং বিশ্বের ক্ষমতাধর ছয়টি দেশ এতে যোগ দেবে। আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হতে পারবো।’ তিনি বর্তমানে নিউইয়র্কে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে অংশ নিচ্ছেন।
ইরান ও বিশ্বের ক্ষমতাধর ছয় দেশ ২ এপ্রিল সুইজারল্যান্ডে স্বাক্ষরিত একটি রূপরেখা চুক্তিকে আগামী ৩০ জুনের মধ্যে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে রূপান্তর করতে চায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি সোমবার নিউইয়র্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় কেরি পারমাণবিক আলোচনার পথে অগ্রসর হওয়ার আশা প্রকাশ করেন।
এসএইচ





