গাজায় ফের ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। গত শুক্রবার সকাল থেকেও ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল ইসরায়েল ও হামাস, কিন্তু মাত্র ৩ ঘণ্টার মাথায়ই গাজায় হামলা চালায় ইসরায়েল।

মিশরের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার এই অস্ত্রবিরতিতে সকল পক্ষ রাজি হয়েছে বলে জানিয়েছে দেশটি। একই সঙ্গে কায়রোতে আলোচনা চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছে মিশর। খবর বিবিসি ও আলজাজিরা।

এর আগে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টার একতরফা অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে কার্যক্ররের কিছুক্ষণ পরই শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়ে ওই অস্ত্রবিরতি তা ভঙ্গ করে ইসরায়েল। ওই হামলায় ৮ বছর বয়সী এক শিশু নিহত ও কমপক্ষে ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

নতুন করে ৭২ ঘণ্টার এই অস্ত্রবিরতি প্রসঙ্গে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে জানায়, এর মধ্য দিয়ে আমরা স্থায়ী অস্ত্রবিরতির ব্যাপারে আশাবাদী।

হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান আলজাজিরাকে অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ জুলাই থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামাস রকেট হামলা চালাচ্ছে অভিযোগ করে ‘অপারেশন প্রোটেক্টিভ এজ’ নামে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

টানা ২৭ দিনের ইসরায়েলি হামলায় ১,৮৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। আহত হয়েছেন কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি। অপরদিকে ৬৬ ইসরায়েলি সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এ সংঘাতে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই