ইতিহাসে প্রথমবার সামরিক মহড়ায় রাশিয়া ও পাকিস্তান। যে সময়ে ভারতীয় সীমান্তে যুদ্ধ পরিস্থিতি সেই সময় এই মহড়া চলছে পাকিস্তানের বিভিন্ন দুর্গম এলাকাতে।
এই মহড়া প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ভালোভাবে এগিয়ে চলেছে। এই মহড়ার ফলে একাধারে যেমন রণকৌশল আয়ত্তে আসছে, তেমনই আরো দক্ষ হয়ে উঠছে সেনা জওয়ানেরা।
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া এক টুইটে জানিয়েছেন, মহড়া রাশিয়া এবং পাকিস্তান উভয় পক্ষের জন্য উপকারী হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হওয়া ‘ফ্রেন্ডশিপ-২০১৬’ নামের বিশেষ মহড়া এখন পুরোদমে চলছে সীমান্তের ওপারে।
এদিকে, পেশোয়ার কোরের কমান্ডার ল্যাফটেন্যাট জেনারেল হেদায়েত-উর-রহমান মহড়ায় অংশগ্রহণকারী দু দেশের সেনাদলের সঙ্গে দেখা করেছেন। বর্তমানে চেরাতে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস ট্রেনিং সেন্টারে মহড়া চলছে। পরিদর্শনের সময় তিনি মহড়ায় অংশ নেওয়া সেনাদের সঙ্গে আলাপ করেন।
আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে চলা এই সামরিক মহড়া। মহড়া শেষে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এসএ





