ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার উপর দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় উল্লাস করেছে ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক নিউজ চ্যানেলগুলো।
বৃহস্পতিবার ফ্রান্সে ওই ট্রাক হামলায় ৮৪ জন নিহত এবং ১০০ জনের বেশি মানুষ আহত হয়। নিস হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করে একটি পোস্টার দিয়ে তাতে ক্যাপশন লেখা হয়, তোমাদের মুখ আগুনে পুড়িয়ে আমরা সব মুসলিমের মুখে হাসি ফোটাব।
ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া কানাডাসহ বিশ্বজুড়ে আইএস-বিরুদ্ধে যে জোট গড়ে উঠছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একটি কবিতাও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠীটির সমর্থকরা।
নিস হামলা নিয়ে বলা হয়েছে, ট্রাক জনতার ওপরে চালিয়ে দেওয়া এক জিনিস। কিন্তু আইএস একদিন একটি বড় ধরনের ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে। যে ঘটনাটিও এটির মতোই হবে।
আইএস সমর্থকরা এক মন্তব্যে বলেছে, এক মুসলিম এককভাবে ট্রাক নিয়ে কি করতে পারে তো দেখে পশ্চিমাদের টনক নড়া উচিত। ফ্রান্সের শহর নিসের হামলা সরাসরি আইএস নয় বরং আইএসের কোনও অনুসারী চালিয়েছে।
আইএসপন্থি আরেকটি চ্যানেলে একটি ছবিতে দেখানো হয়েছে আইফেল টাওয়ার আগুনে পুড়ছে।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকা জানায়, “পশ্চিমা দেশগুলোতে হামলার দায় স্বীকার করতে আইএস সাধারণত কয়েক ঘন্টা এবং কখনও কখনও একদিন বা দুইদিন পর্যন্তও সময় নেয়। সাধারণত আমাক নিউজ চ্যানেলের মাধ্যমে তারা হামলার দায় স্বীকার করে।”
এফএফ





