ভারতীয় উপমহাদেশের জন্য নতুন একটি শাখা খুলেছে আল কায়েদা। বুধবার 'কায়েদাত আল-জিহাদ' নামে নতুন এই শাখার ঘোষণা দেন আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি। এই শাখা উপমহাদেশে ইসলামী শরীয়াহ আইন চালু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো স্বাধীনতার জন্য লড়বে বলে ঘোষণা দেয়া হয়েছে। খবর এনডিটিভি'র।
আল কায়েদার উপমহাদেশীয় এই শাখার প্রধান করা হয়েছে আসিম ওমর। আর কায়েদাত আল-জিহাদ নামের নতুন এই শাখার মুখপাত্র করা হয়েছে ওস্তাদ ওসামা মাহমুদকে।
বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, "ভারতীয় উপমহাদেশে ইসলামকে পুনপ্রতিষ্ঠিত করতে চাই আমরা। এই ভূখন্ড এক সময় মুসলমানদের অধীনে ছিল। আমাদের নতুন এই শাখা বার্মা, কাশ্মীর, গুজরাট, বাংলাদেশ, আহমেদাবাদ ও আসামের মুসলমানদের জন্য কাজ করবে।"
টানা দুই বছরের প্রচেষ্টায় ভারতীয় উপমহাদেশে নতুন এই শাখা খোলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আল কায়েদা প্রধান। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





