গাজায় ইসরায়েল এবার স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের শেল হামলায় আহত এক শিশু হাসপাতালে কাঁদছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় স্থল অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় আরও রক্ত ঝরবে। সহিংসতা বন্ধের চেষ্টা জটিল হয়ে উঠবে।

ইসরায়েলের হামলায় গত ১১ দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৮ জনে পৌঁছেছে।

গতকাল বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে সে দেশের বৃদ্ধিজীবী ও সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় আব্বাস স্থল অভিযান বন্ধের আহ্বান জানান। মিসরের সংবাদ সংস্থা মিনার বরাত দিয়ে এএফপিতে এ খবর প্রকাশিত হয়েছে।

আব্বাসের ওই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার চালানো ইসরায়েলের স্থল অভিযানে শেজাইয়াহ নামের এক ব্যক্তিসহ সাতজন নিহত হয়েছেন।

জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল কুর্দ জানান, নিহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও রয়েছে। এ নিয়ে ১১ দিনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৮ জনে পৌঁছাল।গাজায় ইসরায়েলের ট্যাংক। ছবি: এএফপি

গতকাল আব্বাস মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে দেখা করেন। ইসরায়েল ও ফিলিস্তিনের জঙ্গি দল হামাসের মধ্যে সহিংসতা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আব্বাস ওই সফর করেন। আজ শুক্রবার আব্বাস তুরস্কে যাবেন। কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সেখান থেকে তিনি বাহরাইন ও কাতারে যাবেন।

মানবাধিকার সংস্থার মতে, গাজায় হামলার শিকার ৮০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। হামলায় এক হাজার ৯২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

গতকাল স্থানীয় সময় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ফিলিস্তিন-শাসিত গাজার নিয়ন্ত্রক হামাস ও ইসরায়েল পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতির সময়ও হামলা বন্ধ হয়নি।

ইসরায়েলের অভিযোগ, সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই ঘণ্টার মধ্যে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে। পাল্টা অভিযোগে হামাস বলেছে, যুদ্ধবিরতির সময় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় মর্টার শেল ছুড়েছে ইসরায়েলি বাহিনী।

ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস