logo
Search

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।

গ্রিনিচ মান সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হয়।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা বাড়ায় তেল সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বাজারে দাম বাড়ছে।

এর ফলে চলতি সপ্তাহের শেষভাগে আন্তর্জাতিক তেলের প্রধান দুই বেঞ্চমার্কই মে মাসের মাঝামাঝি সময়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে।

এর আগে বৃহস্পতিবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নৌপথে পরিস্থিতির আরও অবনতি হলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হওয়ার চাপ তৈরি হতে পারে।

সূত্র : আল জাজিরা

এস