সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ‘সাপ্লাই রুট’ বিচ্ছিন্ন করতে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
সিরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেল সামির সুলায়মান রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে এ কথা জানিয়েছেন। খবর: রেডিও তেহরান।
ওই জেনারেল জানান, “আলেপ্পো প্রদেশে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলার উদ্দেশ্যে পূর্বমুখী অভিযান শুরু করেছে।
এর পাশাপাশি তুরস্ক সীমান্তের সঙ্গে সন্ত্রাসীদের সমস্ত সরবরাহ পথ বিচ্ছিন্ন করাও এ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।” তিনি জানান, সন্ত্রাসীরা এ পথেই এগুনোর চেষ্টা করছে।
জেনারেল সামির জানান, শুধু আলেপ্পোর সন্ত্রাসীরা নয়; পুরো সিরিয়ার সন্ত্রাসীরা তুরস্ক সীমান্ত দিয়ে আসা রসদ-সুবিধা পেয়ে আসছে। সে কারণে সিরিয়ার সেনাবাহিনী দায়েশের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছে।
তাতে সন্ত্রাসীরা দুর্বল হয়ে পড়বে এবং সামনে এগুতে পারবে না। এতে তারা তাড়াতাড়ি নিশ্চিহ্ন হবে। বিষয়টি সেনাবাহিনীর লোকজন ছাড়া বাইরের তেমন কেউ জানে না। সিরিয়ার এ জেনারেল রুশ বাহিনীর বিমান সহায়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, রুশ বিমান হামলা প্রতিটি অভিযানের জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করছে। পাশাপাশি তিনি জানান, সন্ত্রাসীদের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটের বিমান হামলার কোনো ইতিবাচক প্রভাব তারা দেখছেন না।
বহুদিন ধরে সিরিয়ার সরকার বলে আসছে, তুরস্কের সীমান্ত ব্যবহার করে সন্ত্রাসীদেরকে সিরিয়ায় ঢোকার সুযোগ দিচ্ছে আংকারা এবং তুর্কি সরকার সন্ত্রাসীদেরকে সব রকমের সমর্থনও দিচ্ছে।
এমকে





