ভারতীয় ওষুধ আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাকিস্তান। স্থানীয় বাজারগুলোতে জীবন রক্ষাকারী ওষুধের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে।
এর প্রেক্ষিতে ভারতীয় ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল আমদানির জন্য ওই পদক্ষেপ নিয়েছে সরকার। এ খবর দিয়েছে অনলাইন ডন।
বাণিজ্য ও বস্ত্র বিষয়ক মন্ত্রণালয় থেকে সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ ইস্যু করে জানানো হয়েছে, ভারতের বিরুদ্ধে সম্প্রতি বাণিজ্য স্থগিতাদেশ অব্যাহত থাকবে। তবে এর আওতায় পড়বে না চিকিৎসা খাত।
জনগণের সর্বোচ্চ স্বার্থ ও রোগিরা যাতে ওষুধ সরবরাহ পান সে জন্য এই ছাড় দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা। এ বিষয়ে পাকিস্তানের গেজেটে নির্দেশ প্রকাশিত হবে।
গত ৫ই আগস্ট নয়াদিল্লি কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে। এ নিয়ে পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সব ধরণের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিতের ঘোষণা দেয় ৯ই আগস্ট।
প্রথমদিকে ওষুধ প্রস্তুতকারক শিল্প থেকে সরকারের কাছে এই নীতি শিথিল করতে আবেদন করা হয়। অনুরোধ করা হয় যে, ভারতীয় ওষুধ আমদানি যেন অনুমোদন দেয়া হয়। তাদের অনুরোধ রাখা হয়েছে। আর এরই মধ্যে পাকিস্তানি বিমানবন্দর অথবা সমুদ্রবন্দরে ওইসব পণ্য এসেছে।
এমআর





