সংযুক্ত আরব আমিরাত রাস্তায় পেতে রাখা বোমা বা মাইন প্রতিরোধে সক্ষম সাড়ে চার হাজার ট্রাক আমেরিকার কাছ থেকে কেনার পরিকল্পনা করেছে। মার্কিন এক সরকারি কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
এ গুলো মাইন রেজিস্ট্যান্স অ্যামবুশ প্রটেকটেড বা এমআরএপি ট্রাক নামে পরিচিত। মার্কিন দৈনিক ইউএসএ টুডে জানিয়েছে, এ ট্রাক বহর বিক্রি করে মার্কিন সামরিক বাহিনী আড়াই বিলিয়ন ডলার আয় করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা আরো বলেছেন, সাড়ে চার হাজার এ ট্রাক বিক্রির মধ্য দিয়ে আরব শান্তিবাহিনী গঠনের কাজ শুরু হবে। ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের রক্ষার জন্য এ ট্রাক তৈরি করেছে আমেরিকা। এ দুই দেশেই রাস্তায় পেতে রাখা ঘরে তৈরি বোমা মার্কিন বাহিনীর জন্য বিভীষিকা হয়ে উঠেছিল।
অবশ্য এমআরএপি ট্রাক কেনার চুক্তির বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত।
গত ডিসেম্বরে একটি নির্দেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ নির্দেশ বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করা হলে এবং সামরিক সহায়তা দেয়া হলে তাতে মার্কিন নিরাপত্তা জোরদার হবে। একই সঙ্গে বিশ্ব শান্তিও জোরদার হবে বলে এতে দাবি করা হয়েছে। সূএ : রেডিও তেহরান
ইআর





