রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ইউরি বোরিসোভ বলেছেন, তার দেশ অদূর ভবিষ্যতে এস-৫০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক ড্রোন উৎপাদন শুরু করবে। দেশটির সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে এ কাজ করা হবে বলে তিনি জানান।

বোরিসোভ বলেন, রাশিয়ার হাতে এখনো ড্রোন রয়েছে এবং ২০১৭ সালের মধ্যেই রুশ বাহিনীর হাতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি’র সহায়তায় ভারি কাজের উপযোগী ড্রোন তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সব ড্রোন দিয়ে কৌশলগত ও যুদ্ধ সংক্রান্ত নানা তৎপরতা চালানো যাবে। কিন্তু এ ড্রোনের নাম কী তা প্রকাশ করেন নি রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরো জানান, রুশ এস-৫০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও গবেষণা চলছে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার উন্নত সংস্করণ এস-৫০০ কয়েক সেকেন্ডের মধ্যেই আক্রমণকারী অন্তত ১০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রকে একযোগে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এ ছাড়া, এস-৫০০ ব্যবস্থার ২১০ কিলোমিটারের বেশি উঁচু দিয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা আছে। রেডিও তেহরান

ইআর