আফগানিস্তানে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের দুই বাংলাদেশি কর্মকর্তাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকায় ব্র্যাকের কমিউনিকেশন্স হেড রনি মির্জা জানান, নিয়মিত ফিল্ড ভিজিট শেষে আফগানিস্তানের কুন্দুজ থেকে কাবুলে ফিরছিলেন ব্র্যাকের তিন কর্মকর্তা।

এদের মধ্যে একজন আফগান ও দু’জন বাংলাদেশি কর্মকর্তা ছিলেন। পথিমধ্যে তাদের গাড়ি থামিয়ে গাড়িচালক ও আফগান কর্মকর্তাকে ছেড়ে দিলেও অস্ত্রের মুখে বাংলাদেশি দুই কর্মকর্তাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অপহৃত কর্মকর্তা দু’জন হলেন, হাজি শওকত (৫০) ও মো. সিরাজুল ইসলাম খান সুমন (৩৭)। হাজি শওকত আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত। আর পাবনার মো. সিরাজুল ইসলাম খান সুমন সেখানে সংস্থাটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।

রনি মির্জা আরো জানান, এ ব্যাপারে ব্র্যাকের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন ও আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানে এ ঘটনায় তদন্তও শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থা। এর অংশ হিসেবে গাড়িচালক ও ওই আফগান কর্মকর্তাকে আটকও করেছে পুলিশ।

তিনি আরো জানান, এ ব্যাপারে ব্র্যাকের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

ওএফ