ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য পাথর পালিশের কাজ শুরু হওয়ার পর মুসলিমদের পক্ষ থেকে এবার বাবরী মসজিদ মডেল তৈরি করা হয়েছে। প্রকাশ্য স্থানে এই মডেল প্রদর্শিত হওয়ায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য এবং তৎপরতা সৃষ্টি হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যখন মন্দির নির্মাণের জন্য শিলা বা পাথর আনার কাজ শুরু হয়েছে তখন মুসলিমদের পক্ষ থেকেও মসজিদ নির্মাণের জন্য পাথর আনার ঘোষণা দেয়ায় বিষয়টি নয়া মাত্রা পেয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্বনবী দিবস উপলক্ষে কাজিয়ান মহল্লায় নূরানী কমিটির পক্ষ থেকে এক মঞ্চ তৈরি করা হয়। সেখানে থার্মোকলের তৈরি বাবরী মসজিদের মডেল প্রদর্শন করা হয়।

যে জায়গায় এই মঞ্চ সাজানো হয় সেটি বিতর্কিত স্থান থেকে মাত্র দুইশ’ মিটার দূরে। এ ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ব্যাপক প্রশাসনিক তৎপরতা শুরু হয়। পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি আমলে নিয়ে ওই স্থান থেকে মসজিদের মডেলকে সরিয়ে দেয়।

এ ঘটনায় মুসলিমদের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়। প্রায় ৪০ জনের এক প্রতিনিধিদল রাম জন্মভূমি থানায় গিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন। যদিও পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যস্থানে বাবরী মসজিদ এবং রাম মন্দির মডেল না লাগানোর কথা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সিটি) রাম নিবাস শর্মা বলেছেন, মডেলকে সরিয়ে নেয়া হলেও সমস্ত অনুষ্ঠান চিরাচরিত প্রথা অনুযায়ী শান্তিপূর্ণভাবে চলছে। নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সূএ:রেডিও তেহরান

এবি