বগুড়ায় শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।

আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, মসজিদে প্রার্থনার সময় ইবাদতরত মানুষের ওপর এমন নিষ্ঠুর আক্রমনের ঘটনায় আমি মর্মাহত।

কারো ধর্মীয় বিশ্বাস ও আদর্শের ওপর এমন নগ্ন হামলাকে কোনভাবেই বরদাশত করা যায় না বলেও বিবৃতিতে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার। ওই হামলায় আক্রান্ত ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানান রবার্ট গিবসন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০১৫) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে এশার নামাজের প্রস্তুতিকালে মুসল্লিদের ওপর বন্দুকধারীদের হামলায় একজন নিহত এবং ইমামসহ তিনজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন (৭০)। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

ওই হামলায় গুলিবিদ্ধ অপর তিন মুসুল্লির মধ্যে রয়েছেন মসজিদের ইমাম শাহিনুর রহমান, মুসল্লি আবু তাহের ও আফতাব উদ্দিন।

ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা মাগরিব ও এশার নামাজ একই সঙ্গে আদায় করেন। সেদিন তাঁরা সবাই মাগরিবের নামাজ আদায়ের পর এশার নামাজের জন্য কাতারে দাঁড়ান। ওই সময় হামলা হয়।

মুসুল্লিরা আরো জানান, তাঁরা দেখতে পান, চারজন গুলিবিদ্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছেন। এ সময় আতঙ্কিত মুসল্লিরা মসজিদের ভেতর ছোটাছুটি করতে থাকেন।

পেছন থেকে গুলি করার কারণে বন্দুকধারী কারা কিংবা তাঁরা সংখ্যায় কতজন ছিলেন, তা দেখা সম্ভব হয়নি। তবে যেহেতু একসঙ্গে গুলির শব্দ শুনেছেন, সেহেতু বন্দুকধারী একাধিক বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ওই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশে সম্প্রতি সন্ত্রাসবাদী একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি।

তিনি বলেন, সম্প্রতি মালি, বৈরুত ও ফ্রান্সের রাজধানী প্যারিসসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে যে কোন দেশই আজ সন্ত্রাসী হামলার ঝুঁকি থেকে নিরাপদ নয়।

গিবসন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আর বিলম্ব না করে একযোগে এই সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে যাতে তারা অদূর ভবিষ্যতে এ ধরনের আর কোন সন্ত্রাসী হামলার সুযোগ না পায়। একই সাথে সন্ত্রাসীদের মূল হোতাদের খুঁজে চিরতরে নির্মূল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কেবি