মিশরে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি)-কে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির আদালত। শনিবার এ রায় ঘোষণা করা হয়। খবর বিবিসি'র।

এর আগে গত ডিসেম্বরে সামাজিক সংগঠন হিসেবে ব্রাদারহুডকে 'সন্ত্রাসী' সংগঠন বলে ঘোষণা করে আদালত। এবার নিষিদ্ধ হলো এর রাজনৈতিক শাখাটিও।

উল্লেখ্য, সেনাপ্রধান আবেদল ফাত্তাহ আল সিসি এখন দেশটির প্রেসিডেন্ট। ২০১৩ সালের ৩ জুলাই দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে ক্ষমতার পাদপ্রদীপে আসে দেশটির সেনাবাহিনী। মুরসি ছিলেন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী।

মুরসিকে ক্ষমতা থেকে সরানোর পর থেকেই ব্রাদারহুডের নেতা-কর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন-নির্যাতন শুরু করে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। দমন নির্যাতনে বেশ কয়েক হাজার ব্রাদারহুড নেতা-কর্মী নিহত ও আহত হন অসংখ্য। বিনা বিচারে আটকে রাখা হয় হাজার হাজার ব্রাদারহুড নেতা-কর্মীকে। নির্যাতন-নিপীড়নের এই ধারাবাহিকতায়ই এবার দলটির রাজনৈতিক শাখাকে নিষিদ্ধ করা হলো। সূত্র: বিবিসি

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ