বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ। তিনি বলেন, জিজেল, বেজাইয়া ও তিজি উজু প্রদেশে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

সায়ুদের দেওয়া তথ্য অনুযায়ী, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি উজুতে তিনজন মারা গেছেন। তিনি বেজাইয়া প্রদেশের সুক এল থেনিন শহরের একটি হাসপাতাল পরিদর্শন করে দাবানলে আহতদের চিকিৎসার খোঁজ নেন।

আলজেরিয়ার সরকারি সংবাদ সংস্থা আলজেরিয়া প্রেস সার্ভিস জানায়, ওই হাসপাতালে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ৫৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দেশজুড়ে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে সিভিল প্রোটেকশন বাহিনী। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই আগুনের ঘটনা ঘটেছে ৩৬টি। এসবের মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তীব্র তাপপ্রবাহের মধ্যেই আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় এই দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করছে দমকল ও উদ্ধারকারী দল।

সায়ুদ বলেন, স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজাইয়ায় এখনো ১৮টি এলাকায় আগুন জ্বলছে। অন্যদিকে জিজেল প্রদেশের ১২টি পৌরসভায় দাবানল নিয়ন্ত্রণে অভিযান চলছে।

আগুনের বিস্তার ঠেকাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জিজেল নিউজের প্রচারিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা একটি ডাকঘরে আশ্রয় নিয়েছেন।

সুত্র : আলজাজিরা

এনএইচ