ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষমান রাখা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ থেকে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধারের পর সে দেশে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার এই ঘটনা ঘটে।

জাতি সংঘ অধিবেশনে যোগ দিতে মোদী'র যুক্তরাষ্ট্র সফরে বিশেষ অবস্থায় ব্যবহারের জন্য বোয়িং-৭৪৬ উড়োজাহাজটি নয়াদিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে অপেক্ষমান রাখা হয়েছিল।

পাঁচ দিনের সফর শেষে বৃহস্পতিবার মোদি ভারতে ফিরে আসার পর বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য বিমানটিকে ছেড়ে দেয়া হয়।শুক্রবার উড়োজাহাজটি প্রথম ফ্লাইট দিল্লি-মুম্বাই-হায়দরাবাদ-জেদ্দা রুটে পরিচালনা করে জেদ্দা আন্তর্জাতিক বিমাবন্দরে অবস্থান করে। 

এসময় নিরাপত্তাকর্মীরা এর বিজনেস ক্লাসে নিষ্ক্রিয় বোমাটি শনাক্ত করেন। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি উদ্ধার করে। এ ঘটনায় পুরো ভারতীয় নিরাপত্তা বিভাগে আলোড়ন শুরু হয়েছে।

ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এ নিয়ে তদন্ত শুরু করেছেন বলে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন। তিনি বলেছেন, এ বিমানে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গেছে এবং তদন্ত চলছে। বিমানটি দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান।

 ইআর