ইউক্রেনে রুশ হস্তক্ষেপ প্রতিহত করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতার মধ্যেই দেশটির ক্রিমিয়া এলাকায় রুশরা তাদের সামরিক নিয়ন্ত্রণ জোরদার করছে।
ইউক্রেনের প্রধান সামরিক ঘাঁটিগুলো ঘিরে রাখা হয়েছে এবং সড়ক প্রতিবন্ধক তৈরি করে উপদ্বীপটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। সেখানকার নিয়ন্ত্রণ কার্যত রুশ সৈন্যদেরই হাতে।
ইউক্রেনের সীমান্তরক্ষীরা জানিয়েছেন, ক্রিমিয়ার উপকূলের অন্যপাশে রাশিয়া তার সৈন্য জড়ো করছে।
রাশিয়ার মূল ভূখন্ড থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে ক্রিমিয়ার কার্চ শহরের ফেরিঘাটও রুশ সমর্থিত সৈন্যরা নিয়ন্ত্রণ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোনো কোনো এলাকায় মোবাইল ফোনের সিগন্যালও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউক্রেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনিই ইয়াৎসেনিউক কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন ক্রিমিয়ার নিয়ন্ত্রণ তারা ছাড়বে না।
রাশিয়ার দিক থেকে সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে সেনাবাহিনীকে পুরোপুরি তৎপরতায় নিয়োজিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে রুশ নাগরিকদের জীবন হুমকির মুখে থাকায় রাশিয়া ইউক্রেন সঙ্কটে হস্তক্ষেপ করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলছেন রুশ নাগরিকদের স্বার্থ তাদের হস্তক্ষেপের মূল লক্ষ্য।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠকে এক ভাষণে লাভরভ বলেন ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা সেখানে নানাবিধ সমস্যার মূলে এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রুশ সৈন্যরা সেখানে মোতায়েন থাকবে।
সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ কিয়েভে গেছেন। তিনি বলছেন, ইউক্রেনের সঙ্কট একবিংশ শতাব্দীতে ইউরোপের জন্য সবচেয়ে বড় সঙ্কট হয়ে দেখা দিয়েছে।
ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা ওএসসিই ভিয়েনায় ইউক্রেন পরিস্থিতি নিয়ে একটি বিশেষ বৈঠক করছে।
সংস্থার বর্তমান প্রধান সুইটজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেন নিয়ে তিনি একটি আন্তর্জাতিক যোগাযোগ গোষ্ঠী গঠনের চেষ্টা চালাচ্ছেন।
অন্যদিকে রাশিয়া জানিয়েছে ইউক্রেন পরিস্থিতিতে চীন তাদের সঙ্গে কার্যত একমত। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে টেলিফোনে আলাপ করেছে বলে রুশ সূত্র থেকে বলা হচ্ছে।
শেয়ার বাজারে প্রতিক্রিয়া
এদিকে ইউক্রেন সঙ্কটের ফলশ্রুতিতে রাশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের মূল্যপতন হয়েছে।
ইউরো এবং ডলারের বিপরীতে রুবলের দাম এ যাবৎকালের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বেচাকেনার এক পর্যায়ে শেয়ারের দাম শতকরা দশ ভাগ পড়ে যায়।
রাশিয়ার বড় বড় কোম্পানির শেয়ারের দাম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন নিয়ে রাশিয়ার পদক্ষেপের কারণে আমেরিকা রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করতে তৈরি রয়েছে। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক তৎপরতা আরো জোরদার
ইউক্রেনে রুশ হস্তক্ষেপ প্রতিহত করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতার মধ্যেই দেশটির ক্রিমিয়া এলাকায় রুশরা তাদের সামরিক নিয়ন্ত্রণ জোরদার করছে। ইউক্রেনের প্রধান সামরিক ঘাঁটিগুলো ঘিরে রাখা হয়েছে এবং সড়ক প্রতিবন্ধক তৈরি করে উপদ্বীপটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।





