মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তি অং সান সুচি দেশটির সংসদ নির্বাচনে বুধবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেছেন।

তিনি বলেছেন, সাংবিধানিকভাবে তার প্রেসিডেন্ট পদ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও তিনিই দেশ পরিচালনা করবেন।

সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সংসদের নিম্নকক্ষের এ পর্যন্ত ঘোষিত আসনের ৯০ ভাগ পেয়েছে আর আঞ্চলিক পরিষদ এবং উচ্চকক্ষের ৮৫ ভাগ আসন জিতেছে।

সুচির এ অভূতপূর্ব জয়ে দেশটির রাজনৈতিক দৃশ্যপট বদলে যেতে পারে।

অর্ধ শতাব্দীর পর দেশটিতে অনুষ্ঠিত প্রথম স্বচ্ছ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে দরকার মোট নির্বাচনী আসনের দুই তৃতীয়াংশে জয়লাভ।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সুচির দল ১৪৯ আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে।  মোট নির্বাচন হয়েছে ৩৩০টি আসনে।

রবিবারের ওই নির্বাচনের ফল পেতে আরো দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

জান্তাদের প্রণীত সংবিধান অনুসারে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের এক চতুর্থাংশ আসনে নিয়োগ দেবে সামরিক বাহিনী।

সুচির দল বলেছে, তারা ৩৩০ আসনের মধ্যে ২৫০টি আসনে জয়ের পথে রয়েছে।

সুচির সন্তানেরা বিদেশি নাগরিক বলে তার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে সংবিধানে।

তাছাড়া দেশটির সেনাবাহিনী স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং সীমান্ত নিরাপত্তার মত তিনটি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আমলতন্ত্রের ওপর রয়েছে তাদের ব্যাপক প্রভাব।

ফলে সুচির দল কতটা স্বাচ্ছন্দ্যে সরকার পরিচালনা করতে পারবে তা নিয়ে বেশ সংশয়ে বিশ্লেষকরা।

এআই