বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সম্প্রতি অপসারিত পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করে বলেন, সরকার তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে এবং তার কাজের পুরনো রেকর্ড উপেক্ষা করা হয়েছে। মোদি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে সুজাতা সিং বলেন, ‘এরকম করা কি খুব জরুরি ছিল?’
আজ (শনিবার) বেসরকারি হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এ সুজাতা সিংকে নিয়ে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে।
গত বুধবার রাতে আচমকা পররাষ্ট্র সচিব পদ থেকে সুজাতা সিংকে অপসারণ করে কেন্দ্রীয় সরকার। তার জায়গায় নতুন পররাষ্ট্র সচিব হয়েছেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সুব্রামানিয়াম জয়শঙ্কর।
এ ঘটনায় বিভিন্ন মহল থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের সমালোচনা করা হয়েছে। কংগ্রেস দলের পক্ষ থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে দেশের সামনে এ ঘটনার ব্যাখ্যা দেয়ার দাবি করা হয়েছে।
এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে মুখ খুললেন খোদ সুজাতা সিং।
তিনি বলেছেন, সরকার এই পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারত। কিন্তু আচমকাভাবে রাতারাতি এ ধরণের সিদ্ধান্ত নেয়ায় তিনি খুব অসন্তুষ্ট হয়েছেন।
সুজাতা সিং আরো অভিযোগ করে বলেছেন, ‘গত ৮ মাসে পররাষ্ট্র নীতি নিয়ে যত কাজ করা হয়েছে, সেজন্য শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকেই ক্রেডিট দেয়া ঠিক নয়। এসবের মধ্যে আমার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’
তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে হওয়া পরমাণু চুক্তি নিয়ে আমি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলাম প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু আমি তো সেজন্য কখনো ক্রেডিট দাবি করিনি।’
সুজাতা সিং দাবি করেন, ‘গতবছর তাকে পররাষ্ট্র সচিব পদ থেকে সরিয়ে কোনো দেশের রাষ্ট্রদূত বা ইউপিএসসি'র সচিব করার প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি সেসব প্রস্তাবে রাজি না হয়ে একটি সম্মানজনক বিদায় চেয়েছিলেন।’
এসএইচ





