সিরিয়ায় রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে বিদ্রোহী গ্রুপগুলোর তৈরি মর্টার বোমার আঘাতে গত জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ৩১১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

রান্নার গ্যাসের সিলিন্ডার দিয়ে তাৎক্ষণিকভাবে মর্টার বোমা তৈরি করা যায়। এ ধরনের বিপজ্জনক বোমার ব্যবহারে ব্যাপক নিন্দা জানিয়েছে অবজারভেটরি গ্রুপটি।

নিহতদের মধ্যে ২০৩ জনই উত্তরাঞ্চলীয় আলেপ্পোর বলে জানা গেছে। এদের মধ্যে ৪২ টি শিশু ও ২৫ জন নারীও রয়েছেন। উল্লেখ্য, সরকারি ও বিদ্রোহী গ্রুপ উভয় পক্ষ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে থাকে সিরিয়ান এই অবজারভেটরি গ্রুপটি। এ ছাড়া, এই বোমার আঘাতে ৭০০ জনেরও বেশি বেসামরিক লোক আহত হয়েছেন।

এদিকে, সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বিদ্রোহীরা বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে ১১টি এ ধরনের বোমা হামলা চালিয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। এ ধরনের বোমাগুলো গ্যাস সিলিন্ডারের ভিতরে বিস্ফোরক ভর্তি করে বানানো হয়। এতে একটি গাইড ফিন লাগানো থাকে এবং কামান থেকে এ মর্টার গোলা ছোঁড়া হয়।

এমএ