আল্পস পর্বতে বিধ্বস্ত জার্মানউয়িংসের বিমানের নিহত যাত্রীদের লাশের খোঁজে চালানো তল্লাশি অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ফরাসি কর্মকর্তারা।
শনিবার আল্পস ডি হতি প্রদেশের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
গত ২৪ মার্চ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে যাওয়ার পথে ফ্রান্সের আল্পস পর্বতে ১৫০ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জার্মান উইংসের একটি বিমান। তদন্ত কর্মকর্তাদের দাবি বিমানটির কোপাইলট আন্দ্রিয়াস লুবিৎজ ইচ্ছাকৃতভাবে বিমানটিকে পর্বতের ওপর আছড়ে ফেলেছেন।
আল্পস ডি হতি প্রদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ‘লাশের খোঁজে তল্লাশি শেষ হয়েছে, তবে নিহতদের ব্যক্তিগত জিনিসপত্রের খোঁজে তল্লাশি এখনও চলছে।’
তিনি বলেন, ‘বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার জন্য লুফথানসা একটি অভিজ্ঞ কোম্পানিকে ভাড়া করেছে, এরা ফরাসি সরকারি তদন্তকারী ও অভিযানের পরিবেশগত নজরদারির দায়িত্বে থাকা কর্মকর্তার অধীনে কাজ করবে।’লুফথানসা হল সস্তা বিমান পরিবহন সংস্থা জার্মানউয়িংসের মূল কোম্পানি।
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাওয়া ১৫০ সেট ডিএনএ নমুনা নিয়ে নিহত যাত্রীদের পরিচয় নিশ্চিত করার কাজ চলবে। এতে কয়েক সপ্তাহ লেগে যাবে।
ফরাসি তদন্তকারী আইনজীবী জানিয়েছেন, ডিএনএ সেটের নাম্বার দিয়ে নিহত সব যাত্রীদের খোঁজ পাওয়া গেছে বলে ধারণা করলে তা ভুলও হতে পারে। ডিএনএ সেট কোনো নিহত যাত্রীদের সঙ্গে মিলে গেলে সঙ্গে সঙ্গে ওই নিহত যাত্রীর পরিবারকে জানানো হবে ।
জেআই





