ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি কেন্দ্রে হিন্দুত্ববাদী দল বিজেপির প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মঙ্গলবার বারনসির জনসভায় কেজরিওয়াল বলেন, “আমি বারানসি থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। আম জনতার সাহায্যেই মোদীকে চ্যালেঞ্জ জানাতে আমি প্রস্তুত। কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি জনতাকে অনুরোধ করছি আপনারা আমাকে আর্থিকভাবে সাহায্য করুন ঠিক যেভাবে মদন মোহন মালব্যকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরির সময় সাহায্য করা হয়েছিল।’’
বারানসি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, “বড় বড় নেতারা যখন নিরাপদ আসনের খোঁজে ব্যস্ত, আমি ওদের হারাতে লড়তেই এসেছি।“
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে কেজরিওয়াল বলেন, “আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো বাসনা নেই। তা থাকলে অন্যদের মতো কোনো নিরাপদ আসনে দাঁড়াতাম। লোকসভা ভোটে জিততে নিরাপদ আসনের দরকার হয় না আমার।”
এ সময় তিনি জনসম্মুখে একটি বিতর্কে অংশ নেয়ার জন্য মোদীর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। কেজরিওয়াল বলেন, “মোদী না আসলে বুঝতে হবে তিনি কিছু গোপন করছেন।”
সোমবার দিল্লি থেকে শিব-গঙ্গা এক্সপ্রেসে করে বারানসিতে যান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে গঙ্গায় গোসল সেরে বিভিন্ন মন্দির দর্শন করে তিনি বারানসির রাস্তায় গাড়ি বহর নিয়ে ঘুরছিলেন। সঙ্গে ছিলেন সঞ্জয় সিংহ এবং মণীশ সিসৌদিয়ার মতো আম-নেতা। এ বারানসির কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে প্রথম ডিম ছুড়ে মারে বিজেপির একদল উগ্র সমর্থন। এর কয়েক মিনিট পর ছোঁড়া হয় কালি। তারা কেজরিওয়ালের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান দেয়।
এ ঘটনার সময় কেজরিওয়াল একেবারেই নিশ্চুপ ছিলেন। এরপর জনসভায় মোদীর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন তিনি।
আগেই আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছিল, গুজরাটের বাইরে কোনো কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে দাঁড়ালে তাঁর বিরুদ্ধে লড়বেন কেজরিওয়াল।
এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারানসীর পাশাপাশি গুজরাটের ভদোদরা থেকেও প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দু’টি আসন থেকে প্রার্থী হওয়া নিয়ে এরমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বারানসী বিজেপির শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও জয় নিশ্চিত করতেই মোদী দু’টি আসনে লড়ছেন বলে বিরোধীদের অভিযোগ। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
মোদির বিরুদ্ধে লড়বেন কেজরিওয়াল
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি কেন্দ্রে হিন্দুত্ববাদী দল বিজেপির প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।





