কাশ্মিরে লড়াইরত লোকজনকে পাকিস্তান মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেছে, তারা বিচ্ছিন্নতাবাদী নন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম আজ বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফেংয়ে এ কথা বলেছেন।
গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি আলোচনার পক্ষ ঠিক করার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তাসনিম আসলাম এ কথা বলেন। তিনি বলেছেন, জেটলির বক্তব্য পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়।
জেটলি গতকাল বলেছেন, পাকিস্তানকে খুব সচেতনভাবে শান্তির পথ বেছে নিতে হবে এবং কাশ্মিরের হুররিয়াত নেতাদের সঙ্গে নাকি ভারত সরকারের সঙ্গে ইসলামাবাদ আলোচনা করতে চায় তা তাদেরকে পরিষ্কার করতে হবে। তার এ বক্তব্যের জবাবে তাসনিম আসলাম বলেন, পাকিস্তান সবসময় শান্তি আলোচনার প্রশ্নে আন্তরিক এবং এ অঞ্চলের জন্য শান্তিই প্রয়োজন।
এসময় তিনি আরো বলেন, ওয়াগা সীমান্তে এমন ভয়াবহ হামলার পরও ভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা কিংবা সমবেদনা জানানো কোনো বার্তা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে পায় নি।
সংবাদ ব্রিফিংয়ে তাসনিম আসলাম জানান, আগামীকাল পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এশিয়া-প্রশান্ত মহাসগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম বা অ্যাপেকের সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন। এ সফরের সময় চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক বা এমওইউ সই হবে বলেও জানান তাসনিম আসলাম।
এমএ





