ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন বেসামরিক ব্যক্তি রয়েছে বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে।
খবরে বলা হয়েছে- বৃহস্পতিবার রাতে কাশ্মীরের দক্ষিণে কুলগাম জেলার চেনিগাম গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের ভয়াবহ গুলি বিনিময় হয় এবং তা সারারাত ধরে চলে। ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের মহাপরিদর্শক নলিন প্রভাত এ কথা জানান।
তিনি দাবি করেন, বন্দুকযুদ্ধে দু জন স্বাধীনতাকামী এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে স্থানীয় লোকজন জানিয়েছে, ওই এলাকায় ভারতীয় সেনাদের ব্যাপক উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ করলে নিরাপত্তা বাহিনী একদল সাধারণ মানুষের ওপর গুলি চালায়। এতেই মারা গেছে ওই বেসামরিক ব্যক্তি।
ভুয়া এনকাউন্টারে তিন মুসলমানকে হত্যার দায়ে দুই কর্মকর্তাসহ সাত সেনাকে কারাদণ্ড দেয়ার একদিন পর নতুন করে এ হত্যাকাণ্ড ঘটলো।
কাশ্মিরে ভারতীয় সেনাদের এ ধরনের হত্যাকাণ্ড ও অতিরিক্ত বলপ্রয়োগের ক্ষমতা দেয়ার বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংগঠন নয়াদিল্লিকে তীব্র সমালোচনা করে আসছে।
এমএ





