যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে এই সংঘাত কতদিন স্থায়ী হবে তা বলতে পারেননি তিনি। কেবল জোর দিয়ে বলেছেন যে, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক ছয় দিনের ইউরোপ সফরের শুরুতে ব্রাসেলসে তার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেলকে সাক্ষাৎকার দিয়েছেন। সে সময় এসব কথা বলেন তিনি। ইউক্রেনীয় জনগণেরও প্রশংসা করেন ব্লিঙ্কেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি মস্কোর উদ্দেশ্য হয়, কোনোভাবে সরকার পতনের চেষ্টা করা এবং তাদের নিজস্ব পুতুল শাসন প্রতিষ্ঠা করা। তাহলে ৪৫ মিলিয়ন ইউক্রেনীয়রা এটিকে প্রত্যাখ্যান করতে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেভাবে যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়নি।’

তিনি বলেন, ‘ইউক্রেনকে সাহায্য করার জন্য যথাসাধ্য করতে এবং এই যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়।’ ইউক্রেন জিততে পারে বলে নিশ্চিত কি না জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে, একেবারেই।’

এমআর