ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংসের জন্য কংগ্রেসের প্রয়াত নেতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে দায়ী করলেন এ সংক্রান্ত মামলার প্রধান বাদী হাশিম আনসারী।
কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে হাশিম আনসারী অভিযোগ করেন, নরসিমা রাও-ই বাবরী মসজিদ ধ্বংস হতে দিয়েছিলেন।
নিজ বাসায় মিডিয়ার সঙ্গে কথা বলার সময় হাশিম আনসারী বলেন, ‘উনি (নরসিমা রাও) প্রথম থেকেই এই বিষয়টি জানা সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
এজন্য আমি মনে করি এই বিষয়ে তার প্রধান ভূমিকা ছিল। যদিও বাবরী মসজিদ ধ্বংস মামলায় তাকে অভিযুক্ত করা হয়নি।’
তিনি বলেন, ‘এই ঘটনার পরে নরসিমা রাও পুনরায় মসজিদ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি মসজিদ তৈরি না করে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
সিনিয়র বাদী হাশিম আনসারী এ সংক্রান্ত মামলার সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টের বিলম্ব হওয়ায় অসন্তুষ্ট হয়ে বলেন, ‘হয়তো আমাদের মৃত্যুর পরে মন্দির-মসজিদ সংক্রান্ত বিবাদের ফয়সালা হবে!’
হাশিম আনসারী বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘বিজেপি এবং কংগ্রেসের লোকেরা নেতৃত্বের জন্য দেশের আইনকে পদদলিত করছে।
এসব নেতা রামজন্মভূমি এবং বাবরী মসজিদের নামে নেতৃত্ব করছে। শেষমেশ ওই নেতারা কেন এই বিতর্ক নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে না?’
তিনি বলেন, ‘রায়বেরেলির বিশেষ আদালতে মসজিদ ধ্বংসকারীদের বিরুদ্ধে একটি অন্য মামলা চললেও ২৩ বছর পরেও কোনো অভিযুক্তর কেশাগ্রও নষ্ট হয়নি।’
নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় কয়েকশ’ বছরের পুরনো বাবরী মসজিদ উন্মত্ত হিন্দুত্ববাদীদের আক্রমনে ধ্বংস হয়।
হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, যেখানে মসজিদ ছিল, ওটাই রাম জন্মভূমি। সাবেক বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ‘মন্দির ওহি বানায়েঙ্গে’।
দেশের সর্বোচ্চ আদালতে এ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তার তোয়াক্কা না করে সম্প্রতি ওই স্থানেই রাম মন্দির নির্মাণের জন্য জোরালো তৎপরতা শুরু করেছে হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।
এসএইচ





