পীত সাগরের আকাশে মার্কিন একটি সামরিক বিমানকে চীনের দুটি জঙ্গিবিমান তাড়া করেছে বলে আমেরিকার আনা অভিযোগ নাকচ করেছে বেইজিং।
শুক্রবার (২০ মে) শেষ বেলায় দেয়া এক বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান আইন অনুযায়ী কাজ করেছে।
মন্ত্রণালয় বলেছে, বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তারা যেভাবে বিবৃতি দিয়েছেন তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গত ১৭ মে পীত সাগরের ওপর মার্কিন একটি গোয়েন্দা বিমান অভিযান চালায় এবং চীনের দুটি জঙ্গিবিমান মার্কিন বিমানকে তাড়া করেছে বলে আমেরিকা গতকাল অভিযোগ আনে।
এ সম্পর্কে বেইজিং বলেছে, চীনা বিমানগুলো মার্কিন বিমানকে শনাক্ত করার কাজ করেছে নিতান্তই আইন অনুযায়ী। এ কাজকে চীন পেশাদারসুলভ বলেও উল্লেখ করেছে।
আমেরিকা দাবি করেছে, চীনা এসইউ-৩০ বিমান দুটি যখন ডাব্লিউসি-১৩৫ বিমানটিকে তাড়া করে তখন সেটা আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল।
ডাব্লিউসি-১৩৫ বিমান পরমাণু কর্মসূচি শনাক্ত করার কাজে ব্যবহার করা হয়। চীন বলেছে, এ ধরনের কাজ থেকে আমেরিকাকে বিরত থাকতে হবে।
এমবি





