মালয়েশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের কাছে অনুভূত হওয়া ভূমিকম্পে শনিবার সকাল পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বোর্নিও দ্বীপের মাউন্ট কিনাবালু থেকে ১২ বছর বয়সী এক সিঙ্গাপুরী কিশোরী ও এক স্থানীয় গাইডের লাশ উদ্ধার করা হয়েছে।
বোর্নিও দ্বীপের সাবাহ জেলায় গত শুক্রবার সকালে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এ ভূকম্পনের পরপরই সৃষ্ট ভূমিধসে ১৩৭ পর্বতারোহী আটকা পড়েন। কয়েক ঘণ্টা পর্বতে আটকা থাকার পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে।
ওই পর্বতারোহীদের উদ্ধার করা হলেও এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটির পর্যটনমন্ত্রী মাসিদি মাঞ্জুন জানান, শুক্রবার দুপুর ২ টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) ১৩৭ পর্বতারোহী নিরাপদে পার্ক হেডকোয়ার্টারে পৌঁছেছেন।
তিনি বলেন, আজ (শনিবার) নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালানো হবে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন এ ব্যাপারে কিছু বলেননি তিনি।
দেশটির পুলিশ প্রধান জালালুদ্দিন আব্দুল রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিখোঁজদের সংখ্যা জানাননি। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলেও জানানো হয়েছে।
রানৌ শহর থেকে ১৯ কিলোমিটার ও মাউন্ট কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ওই ভূমিকম্পে সাবাহ জেলার হাসপাতাল, স্কুল, রাস্তাসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : বিবিসি।
কেএইচ





