কোরিয় উপদ্বীপ এবং কাছাকাছি অঞ্চলের আকাশে আমেরিকার শব্দ অপেক্ষা দ্রুতগামী দু’টি বি-১বি বোমারু বিমান অনুশীলন চালিয়েছে। উত্তর কোরিয়ার বিষয়ে সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা ভাবা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার দু’দিন পর এ ঘটনা ঘটল।

অনুশীলনে দক্ষিণ কোরিয়া এবং জাপানি জঙ্গি বিমানের বহরও এ দুই বোমারু বিমানের সঙ্গে অংশ নিয়েছে। এ ছাড়া, এ অনুশীলনে ছিল মার্কিন অত্যাধুনিক চারটি এফ-৩৫বি জঙ্গি বিমান। বৃহস্পতিবার মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার শেষ দিনে এ অনুশীলন চালানো হয়।

এদিকে, মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল টেরাস জে ও’শাউগেনেসি অনির্ধারিত ভাবে জাপান সফর করেছেন। এ সফরকালে তিনি বলেন, উত্তর কোরিয়ার তৎপরতা আমেরিকা মূল ভূখণ্ড এবং তার মিত্রদের জন্য হুমকি এবং তাদের অস্থিতিশীল তৎপরতা যথাযথ ভাবে মোকাবেলা করা হবে।

এদিকে কোরিয় উপদ্বীপের আকাশে মার্কিন বোমারু বিমানের অনুশীলনের কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

এএইচ