অস্ট্রেলিয়ায় ৬০টির বেশি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি দল, ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ ।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সদ্যগঠিত ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’র প্রতিষ্ঠাতা সিডনির ৩৪ বছর বয়সী ব্যবসায়ী দিয়া মোহাম্মদ। এই পদক্ষেপের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায় প্রথম একটি পৃথক রাজনৈতিক দল গঠন করল।

দলটির প্রতিষ্ঠাতা বলেছেন, তাঁর প্রাথমিক লক্ষ্য আগামী নির্বাচনে সিনেটে একটি আসন পাওয়া।

দল গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে দিয়া মোহাম্মদ বলেছেন, অস্ট্রেলিয়ার রাজনীতিতে দেশটির মুসলিমদের প্রতিনিধিত্ব করতে চায় তাঁর দল। দলটি দেশটির মুসলমানদের বক্তব্য আরও জোরালোভাবে তুলে ধরতে চায়।

সম্প্রতি সিডনিতে দলের উদ্বোধনী অনুষ্ঠানে দিয়া মোহাম্মদ বলেন, অস্ট্রেলিয়ায় কিছু রাজনৈতিক দল মুসলিমদের বিরোধিতা করে। এত দিন মুসলিমদের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করার মতো কোনো দল এ দেশে ছিল না। এখন হয়েছে।

অস্ট্রেলিয়ায় পাঁচ লাখের মতো মুসলমান থাকলেও জনসংখ্যার মাত্র ২ শতাংশ তারা। দেশটির পার্লামেন্টে মাত্র একজন মুসলিম সদস্য। যদিও যুক্তরাজ্যে মুসলিম এমপি আছেন ১৩ জন ।

দলটির আত্মপ্রকাশের সময় নির্বাচন নিয়ে সমালোচনার আশঙ্কা করা হচ্ছে। তবে দলের প্রতিষ্ঠাতা দিয়া মোহাম্মদ ইতিমধ্যে একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আগামী দিনগুলোয় অনেক প্রশ্ন তোলা হবে। এই কারণেই তাঁরা নতুন দল গড়েছেন।

সমালোচনা হোক আর যা-ই হোক, নতুন দলের আত্মপ্রকাশের এটাই ভালো সময় বলেও মত দিয়া মোহাম্মদের।

এআই