ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেই পুলওয়ামায় আবারও বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ১ মেজরসহ ৪ সেনা সদস্য নিহত হয়েছে। এর আগে পুলওয়ামায় সেনাবহরে হামলায় ৪৯ জন সেনা সদস্য নিহত হয়।
আজ (১৮ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৯টা পর্যন্ত সেনা ও বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময় চলছে।
সেনা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার স্থান থেকে ৬-৮ কিলোমিটার দূরে পিঙ্গলানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির মাঝে পড়ে গুরুতর আহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। স্থানীয় সময় সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সেনা ও বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময় চলছে।
সেনা সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, একটি বাড়িতে বেশ কয়েকজন বিদ্রোহী লুকিয়ে রয়েছে- এমন খবর পেয়ে গতকাল (রোববার) গভীর রাতে বাড়ি ঘিরে ফেলে সেনারা। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সংঘর্ষে আহত সেনাদের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পুলওয়ামার অবন্তীপোরায় সেনাবহরে আত্মঘাতী হামলায় ৪৯ জন সেনা সদস্য নিহত হয়। ওই হামলার পর পরই দায় স্বীকার করে জইশ-ই-মোহাম্মাদ। আর ভারত দাবি করেছে, এর সঙ্গে পাকিস্তানের হাত রয়েছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
হামলার পরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছিলেন, এর প্রত্যুত্তর দেবেই ভারত। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কোথায়, কখন, কীভাবে প্রত্যাঘাত করা হবে এমনটাও বলেছিলেন তিনি।
এরপরও একই এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জওয়ানদের নিহত হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে দেশটির নিরাপত্তা ব্যবস্থা।
এমবি





